✍︎ কুমিল্লা প্রতিনিধি ✍︎
কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহানগর জামায়াতের নেতাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছে। মহানগর কমিটির ভবিষ্যৎ পদ-পদবি এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনা চলছিল।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি পরে সেটি বাগ-বিতণ্ডায় রূপ নেয়।একপর্যায়ে সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে জামায়াতের একটি অংশ। যার মধ্যে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওঠে।
কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।
জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, আমার জিপ গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে মিটিংয়ে বসেছি। সেখানে মহানগরীর আমিরসহ অন্যান্যরা আছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দলীয় দ্বন্দ্বের জেরে গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ওসি আরও জানান, জামায়াতের পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। একটি মামলার সাক্ষ্য দিয়ে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। এখন ফিরছি আর কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি জানালো।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ১৪ অক্টোবর বুধবার রাত সাতটার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে। এ সময় তারা শোর চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর পেছনে কারা জড়িত কেনই বা তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করব।
