সোনালী-জনতা-রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

তারা হলেন- সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ/সম্মতি দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে চুক্তি বাতিলের পরবর্তী বিধিগত কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নিতে অনুরোধ জানানো হলেও এ কার্যক্রম সম্পন্নের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের মেয়াদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। একইভাবে জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান ৭ নভেম্বর ২০২৪ তিন বছরের মেয়াদে দায়িত্ব নেন। আর রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলামকে ১২ ডিসেম্বর ২০২৪ তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় এবং তিনি ২৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। সে হিসাবে তিন কর্মকর্তারই নিয়োগের মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় এ ধরনের পরিবর্তন ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেলাপি ঋণ, ঋণ আদায়, মূলধন ঘাটতি, তারল্য ব্যবস্থাপনা ও সুশাসন নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তবে তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ কেন বাতিল করা হচ্ছে, চিঠিতে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী বিধিগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *