✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
লাতিন আমেরিকার বামপন্থীদের অন্যতম শীর্ষ নেতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক লুইজ ইনাসিও লুলা দা সিলভা নাটকীয় জয় পেয়েছেন।
ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে তিনি চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্য অনুযায়ী, এ জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির নেতৃত্বে এক নজিরবিহীন ইতিহাস গড়লেন লুলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী, দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ভোট। নির্বাচনের প্রথম পর্বে ফ্লাভিও লুলার চেয়ে এগিয়ে থাকলেও চূড়ান্ত লড়াইয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ান প্রবীণ এই বামপন্থী নেতা।
সব ধরনের পূর্বাভাসকে ভুল প্রমাণ করা এ ফলাফল লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধির সমালোচকদের কাছে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে জনবহুল দুই দেশ—ব্রাজিল ও মেক্সিকোর নেতৃত্বে কেন্দ্র-বামপন্থীদের অবস্থান বজায় থাকল।
মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া ব্রাজিলের এই বামপন্থী আইকনের জয়টি সহজ ছিল না। দীর্ঘদিনের দুর্নীতি কেলেঙ্কারি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে লুলা ও তার দল ওয়ার্কার্স পার্টির ওপর ভোটারদের একাংশের অসন্তোষ তৈরি হয়েছিল। একই সঙ্গে দ্রুত রূপান্তর হওয়া সমাজে অ্যাপ-ভিত্তিক অর্থনীতি এবং অনানুষ্ঠানিক খাতের ক্রমবর্ধমান কর্মীদের সঙ্গে সাবেক এই মেটালওয়ার্কার ও ইউনিয়ন নেতার দূরত্ব তৈরি হচ্ছিল বলেও মনে করা হচ্ছিল।
তবে রাজনৈতিক জীবনে বহুবার প্রত্যাবর্তনের যে নজির লুলা গড়েছেন, এ বিজয় তারই ধারাবাহিকতা। দুর্নীতির মামলায় ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন।
পরবর্তী সময়ে সেই মামলা খারিজ হলে তার ফেরার পথ সুগম হয় এবং ২০২২ সালের নির্বাচনে তিনি জাইর বলসোনারোকে পরাজিত করেন।
সাও পাওলো ও রিওতে সমর্থকদের উল্লাস নির্বাচন আদালত থেকে জয়ের ফলাফল নিশ্চিত হওয়ার পর প্রচার শিবিরের প্রকাশিত একটি ভিডিওতে ফার্স্ট লেডি রোজাঞ্জেলা দা সিলভা ও রাজনৈতিক মিত্রদের সঙ্গে লুলাকে উদযাপন করতে দেখা যায়। সেখানে লাল রঙের তারকা আকৃতির চশমা পরিহিত লুলা তার স্ত্রীকে চুম্বন করেন। এদিকে জয়ের খবর নিশ্চিত হতেই সাও পাওলোর প্রধান সড়কে শত শত সমর্থক জড়ো হয়ে উল্লাস প্রকাশ করতে শুরু করেন।
অন্যদিকে রিও ডি জেনিরোর রাজপথে গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন শুরু হয়। সেখানে বলসোনারোর প্রতীক হলুদ ও সবুজ পোশাক পরে বিয়ার পান করতে থাকা চার ব্যক্তির উদ্দেশে লাল পোশাক পরা লুলার এক সমর্থক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, “তোমরা হেরেছ! আরও বেশি করে কাঁদ!”। ফলাফল ঘোষণার পর পরই গোটা রাস্তায় উল্লাসের বড় ধরনের গর্জন প্রতিধ্বনিত হয়।
