✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন অকৃতকার্য হয়েছেন।
শনিবার প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
এবারের পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কখনো পাসের হার এত নিচে নামেনি।
শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়। একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে, অকৃতকার্য শিক্ষার্থীদের এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), এই দুটি বিষয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজিতে পাসের হার প্রায় ৬৩ দশমিক ৩৪ শতাংশ। আর আইসিটিতে পাসের হার ৭২ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ ইংরেজিতে প্রায় ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং আইসিটিতে ২৭ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করতে পারেনি। বোর্ডভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার বিবেচনায় ভারিত গড় হিসাব করে এ চিত্র পাওয়া গেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজির পর সবচেয়ে কম পাসের হার আইসিটিতে। যদিও হিসাববিজ্ঞানেও পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ, যা আইসিটির চেয়ে সামান্য বেশি।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ইংরেজিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৫৪ দশমিক ০৮ শতাংশ। যশোর বোর্ডে ৫৪ দশমিক ৯৫ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৬ দশমিক ০১ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৫৬ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে।
অন্যদিকে, আইসিটিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬৬ দশমিক ৪২ শতাংশ। যশোর বোর্ডে ৬৭ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৮ দশমিক ৭৪ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৭১ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, তুলনামূলক ভালো ফল হয়েছে পদার্থবিজ্ঞানে। আটটি বোর্ডের ভারিত গড় হিসাবে এ বিষয়ে পাসের হার প্রায় ৯০ দশমিক ১৭ শতাংশ। বাংলায় পাসের হার ৮৮ দশমিক ৭৯ শতাংশ এবং যুক্তিবিদ্যায় ৮১ দশমিক ৫০ শতাংশ।
বিষয়ভিত্তিক ফলাফলে ইংরেজির দুর্বল অবস্থান শীর্ষে। কারণ, এ বিষয়ে আটটি বোর্ডের কোনোটিতেই পাসের হার ৭৫ শতাংশও পৌঁছায়নি। ঢাকা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৩ দশমিক ৬২ শতাংশ হলেও অন্য সাতটি বোর্ডে তা আরও কম।
