যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ৫৪টি আসন ডেমোক্রেটদের দখলে

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎ 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি।

১০০টি আসনের মধ্যে ৫৪টি আসন ডেমোক্রেটিক পার্টির দখলে, ৪৩টি রিপাবলিকান পার্টির। তিনটি আসনের ফলাফল জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রতি দুই বছর পর পর এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। সে ধারাবাহিকতায় এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির ৪৫ আসনের বিপরীতে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি। দুটি আসনে স্বতন্ত্র সিনেটর থাকলেও তারা ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে কাজ করেছেন। এবারের নির্বচনে রিপাবলিকানদের দখলে থাকা ৭টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। 

প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির ২২৫ আসনের বিপরীতে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ১৩৬টি। ৭৪টি আসনের ফলাফল এখনো জানা যায়নি। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সবগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেকোনো দলের সিনেটে অন্তত ৫১টি ও প্রতিনিধি পরিষদে ২১৮টি আসনের প্রয়োজন হয়। ডেমোক্রেটিক পার্টি ইতোমধ্যে উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনে রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটিগুলোর বেশ কয়েকটিতে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা অন্তত সাতটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট আসন নিজেদের দখলে নিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে গভর্নর পদেও বড় সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা চার অঙ্গরাজ্য—জর্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়ায় জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এর মধ্য দিয়ে রাজ্যগুলোর গভর্নর পদে রিপাবলিকানদের দীর্ঘদিনের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকানদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এসব আসনের কোনো কোনো এলাকায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিলেন। এবার সেসব এলাকাতেই ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হয়েছেন।

প্রতিনিধি পরিষদের নির্বাচনে ইন্ডিয়ানা, আইওয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ইন্ডিয়ানা-৫ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া স্পার্টজকে হারিয়েছেন ডেমোক্র্যাট জে ডি ফোর্ড। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আসনে ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৭ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

চার অঙ্গরাজ্যে ইতিহাস গড়লেন যারা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনা পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে ইতিহাস গড়েছেন কয়েকজন প্রার্থী। দেশটির চার অঙ্গরাজ্যে প্রথমবারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, সিনেটে প্রথম প্রকাশ্য সমকামী পুরুষ সদস্য এবং প্রথম আদিবাসী আমেরিকান নারী গভর্নর।

মিশিগান, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এসব ঐতিহাসিক বিজয় এসেছে। এবারের নির্বাচনে তাঁদের জয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

আবদুল এল সাইয়েদ

মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল সাইয়েদ। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

কেইশা ল্যান্স বটমস

জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।

ক্রিস পাপাস

নিউ হ্যাম্পশায়ারে সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম প্রকাশ্য সমকামী পুরুষ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে।

ডেব হাল্যান্ড

নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেব হাল্যান্ড। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী আমেরিকান নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *