✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর।
এক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফর্ম পূরণের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি বাবদ অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ প্রকাশ করা হবে। এ তালিকা হতে ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ নভেম্বর।
পরীক্ষার জন্য প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী)১২৫ টাকা, প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী) ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫ টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া পরীক্ষার কেন্দ্র ফি বাবদ জমা দিতে হবে ৪৫০ টাকা।
বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশের কাজ ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
গত ৩০ অক্টোবর ফলাফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩।
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
