বিভিন্ন স্থানে নিষিদ্ধ দলের আগুনসন্ত্রাস ও ককটেলবাজি

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

রাজধানীসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে আগুনসন্ত্রাস ও ককটেলবাজি চলছেই। যাত্রাবাড়ী চৌরাস্তা, মালিবাগ মোড় ও মিরপুরের সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।এর মধ্যে মালিবাগে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ককটেল নিক্ষেপের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সন্ধ্যা ৮টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন কাজী টাওয়ারের কাছে ধোলাইপাড় থেকে আসা মূল সড়কের মাঝ বরাবর ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মালিবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি শান্তিনগর ফ্লাইওভারের ঢালের পাশে বিস্ফোরিত হয়।

বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কলেজের ফটকের পাশে দু-একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কলেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটলেও অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আনুমানিক ঘণ্টাখানেক আগে মিরপুর-১ নম্বরে ককটেল নিক্ষেপের সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণসহ রাজধানীর অন্য ঘটনাগুলোতেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর তা আবার চালু হয়।

আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রো স্টেশনের ফায়ার অ্যালার্ম স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রী ও পথচারীদের মধ্যে ভীতি তৈরি হয়। অনেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু হয়েছে।

টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুজনকে আটক করা হয়েছে। একজন সরাসরি সম্পৃক্ত এবং একজন সন্দেহভাজন। যাচাই-বাছাই না করে বলা যাচ্ছে না।

বিস্ফোরণের পরপরই সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করে। একজনকে টিএসসি এলাকা এবং অন্যজনকে উদ্যানের দ্বিতীয় গেট এলাকা থেকে আটক করা হয়। এর মধ্যে একজনের কাছে ব্যাগ পাওয়া গেছে।

আটকরা হলেন, জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের (২৬)।

আটক দিপু রাজধানীর কলাবাগানে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি বাগেরহাটের জাহিদ হোসেনের ছেলে। জোবায়ের পাবনা জেলার সাথিয়া থানার মৃত হান্নান আলম মল্লিকের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং বলেন, ঘটনাস্থলেই ছাত্রদের সহযোগিতায় এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, ব্যাগে উদ্ধারকৃত বস্তু ককটেল সদৃশ বলা হলেও, সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক বা এক্সক্লুসিভ উপাদান ছিল না, যা দিয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত রাজনৈতিক প্রভাব বা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ধরনের বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল টিম এবং সহকারী প্রক্টরদের নিয়ে কালীমন্দিরসহ আশপাশের এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

চন্দ্রা ত্রিমোড়ে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একইদিন ভোরে একই মালিকের আরেকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বাসের মালিক স্বজল মিয়া বলেন, আমার দুটি বাস মেরামতের জন্য দুই স্থানে রাখা হয়েছে। সকালে এক গাড়িতে আগুন দিয়েছে। আবার সন্ধ্যায় আরেকটি বাসে আগুন। তবে কারা আমার এমন ক্ষতি করলো জানা নেই।

কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন একই দিনে পৃথক সময়ে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাস দুটি একই মালিকের। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিত ঘটনা কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলেছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *