✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের আইনি বাধা দূর হওয়ায় তাকে চাকরিতে পুনর্বহাল করে দুদক জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি চাকরিচ্যুতির সময় থেকে সব বকেয়া বেতন-ভাতা ও বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।
দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দুদকের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি জারির তারিখ থেকে কার্যকর হবে।
চাকরি ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন বলেন, উপসহকারী পরিচালক পদে যোগ দিয়েছি। মাসখানেকের মধ্যে পদোন্নতির প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।
শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। পরে সংস্থাটি আবেদনটি প্রত্যাহারের জন্য আবেদন করে। ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত তা মঞ্জুর করেন। এর ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথে আর কোনো আইনি বাধা থাকেনি।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিতে পুনর্বহাল এবং অপসারণের ক্ষেত্রে প্রয়োগ করা বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আদেশটি শুরু থেকেই বাতিল করে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
তবে ওই রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করে দুদক। পরে সংস্থাটি আবেদনটি আর পরিচালনা করতে আগ্রহী ছিল না। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টি ওঠে। সেদিন দুদকের পক্ষে উপস্থিত আইনজীবী আদালতকে জানান, দেওয়ানি লিভ টু আপিলটি পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন তিনি। এরপর ‘নট টু প্রসিড’ বা আবেদনটি আর পরিচালনা না করার কারণে লিভ টু আপিল খারিজ হয়। পরে ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুরের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
শরীফ উদ্দিনকে অপসারণের ঘটনা ২০২২ সালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৬ জুন তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
দুদকের অপসারণের আদেশে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ওই বিধি অনুযায়ী, তিনি ৯০ দিনের বেতন ও প্রযোজ্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যান তিনি।
২০২২ সালের ১৩ মার্চ বিধিটির বৈধতা এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। এর আগে একই বিধির অধীনে দুদকের আরেক কর্মকর্তা মো. আহসান আলীকে চাকরিচ্যুত করার ঘটনায় ৫৪(২) বিধি বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে দুদকের আপিল আপিল বিভাগে বিচারাধীন থাকায় ২০২২ সালের ২৫ মে শরীফ উদ্দিনের রিটের শুনানি মুলতবি করেন হাইকোর্ট।
পরে ওই আদেশ স্থগিত চেয়ে ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন শরীফ উদ্দিন। আহসান আলীর মামলায় ৫৪(২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিলের সঙ্গে তার আবেদনও শুনানির জন্য ওঠে। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করে হাইকোর্টের আগের রায় বাতিল করেন। একই সঙ্গে শরীফ উদ্দিনের করা লিভ টু আপিলকে প্রয়োজনের অতিরিক্ত বলে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ২১ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে দুদকের কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধি প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। এ বিধি প্রয়োগের বিষয়ে কমিশনকে ১২ দফা পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুসরণের কথা বলা হয়।
এরপর শরীফ উদ্দিনের রিটের শুনানি আবারও হাইকোর্টে শুরু হয়। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন। পরবর্তী সময়ে চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই দেওয়া রায়ে আদালত তার অপসারণের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং শুরু থেকেই তা বাতিল করেন। একই সঙ্গে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
