✍︎ গোপালগঞ্জ প্রতিনিধি ✍︎
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়। সড়কে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারাত্মক আহত রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশকালে ওই দুর্ঘটনার মধ্যে পড়েন। তবে এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম আহত হননি।
এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আমার গাড়ি বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী মারাত্মক আহত হন। তবে আমি সুস্থ রয়েছি।’
নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এমপি সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
