✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার ক্ষেত্রে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি। এই আইনটি তারাই করেছেন। সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকারের দাবিদার হওয়ার সুযোগ রাখা হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা স্বাধীনভাবে যেভাবে কাজ করবেন, সেখানে সরকার হস্তক্ষেপ করবে না। তারা যখন প্রয়োজন মনে করবেন, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটি তাদের বিষয়। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে প্রত্যাবর্তন করা হলে সেটিও একটি আইনি প্রক্রিয়া।
আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি। তারাই এই আইন করে গেছেন। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে। ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানে এই বিধান রাখা হয়েছে। এটি তাদেরই করা আইন।
ভারত সরকারের অবস্থান কিংবা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারই বলতে পারবে।
প্রতিটি দণ্ডই ভোগ করতে হবে
১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধী উল্লেখ করে তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, আর যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবন-যাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে আতশবাজি করানো হচ্ছে।
যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাদের মাথা নত করানো যায়নি।
ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
