✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিকালে সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ তুলে ধরেন।
তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার, তাদের পরবর্তী পরিকল্পনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের বর্তমান অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও গ্রেফতার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আশ্রয়দাতা সংক্রান্ত তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায় এবং কোথায় তারা বৈঠক ও আলোচনা করে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী আবু সাইদ সাগর তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলাসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-১-এর একটি দল তাঁকে গ্রেফতার করে।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
যেভাবে আত্মগোপন করেছিলেন সাঈদ খোকন
রাজধানীর অভিজাত এলাকা বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অবস্থান করেও কীভাবে দীর্ঘদিন গোয়েন্দাদের নজর এড়িয়ে ছিলেন, কারা তার সঙ্গে যোগাযোগ রাখতেন, কারা বাসায় আসা-যাওয়া করতেন এবং কীভাবে চলত তার দৈনন্দিন জীবন- এসব বিষয় নিয়ে উঠছে নানা প্রশ্ন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেফতারের আগ পর্যন্ত বারিধারার ওই বাড়িতেই অনেকটা গোপনে অবস্থান করছিলেন সাঈদ খোকন। আত্মগোপনে থাকার সময় নিজের চেহারায় পরিবর্তন আনতে চুল ও দাড়ি বড় করেছিলেন তিনি। এমনকি বাড়ির বাইরে বের হওয়া, জানালার কাছে যাওয়া কিংবা অন্যদের চোখে পড়ার মতো কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতেন।
যে বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে, সেটি ৯-তলাবিশিষ্ট একটি অভিজাত ভবন। ভবনটির একতলায় থাকেন তার অসুস্থ মা ফাতেমা খাতুন। অষ্টম তলায় থাকেন তার বোন শাহানা হানিফ ও তার স্বামী জাবেদ আহমেদ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, বোনের ফ্ল্যাটকে কেন্দ্র করেই সেখানে অবস্থান করছিলেন সাঈদ খোকন। তিনি থাকতেন ভবনটির দ্বিতীয় তলায়।
মায়ের অসুস্থতার বিষয়টি সামনে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে একই ভবনে তার অবস্থান কতটা গোপন রাখা সম্ভব হয়েছিল, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভবনের নিরাপত্তাকর্মীদের বক্তব্য অনুযায়ী, সাঈদ খোকন ওই বাড়িতে কখন এসেছেন, তা তারা জানেন না। এমনকি তাকে কখনো বাইরে বের হতেও দেখেননি।
ভবনের নিরাপত্তাকর্মী মো. রুহুল জানান, একতলায় সাঈদ খোকনের মা থাকেন। অসুস্থ ও অনেকটা শয্যাশায়ী হওয়ায় একজন গৃহকর্মী তার দেখাশোনা করেন। অষ্টম তলায় থাকেন তার বোন ও বোনের স্বামী।
সাঈদ খোকনের আত্মগোপনের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল তার খাবার সংগ্রহের কৌশল। একাধিক সূত্রের দাবি, গত দুদিন ধরে সন্ধ্যার পর ওই বাড়িতে খাবারের পার্সেল আসছিল। গত সোমবার সন্ধ্যা ৭টা ও রাত ১০টার দিকে দুই দফায় খাবার পৌঁছে দেওয়া হয়।
পার্সেল নিতে নিচে নেমে আসতেন অষ্টম তলার গৃহকর্মী। খাবারের দাম পরিশোধ করা হতো নগদ টাকায়। এসব পার্সেলের খাবারই খেতেন সাঈদ খোকন। তিনি নিজে কখনো খাবার আনতে নিচে নামতেন না। এমনকি জানালার কাছেও আসতেন না বলে সূত্রগুলো জানিয়েছে।
প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে এভাবে খাবার সরবরাহের ব্যবস্থা কে করতেন? খাবার অর্ডার দিতেন কে? পার্সেল সরবরাহকারীরা কি জানতেন, কার জন্য খাবার নেওয়া হচ্ছে? নাকি সাধারণ একটি বাসায় খাবার পৌঁছে দেওয়ার কাজ হিসেবেই তারা বিষয়টি দেখতেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে তার আত্মগোপনের নেপথ্যে কারা সহযোগিতা করেছেন, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও জানায় তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
বাড়িটির এক গাড়িচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদিন আগে একজন ব্যক্তি নিজেকে এক পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ওই বাসায় গিয়েছিলেন। তিনি বাসা থেকে বেরিয়ে অন্যদের জানান, তার স্যার জাবেদ আহমেদের বন্ধু। ওই পুলিশ সুপারের মায়ের দেখাশোনার জন্য একজন গৃহকর্মী প্রয়োজন। এ বিষয়ে আলোচনা করতেই তিনি এসেছেন বলে দাবি করেন।
তবে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় কী, তিনি কার নির্দেশে সেখানে গিয়েছিলেন এবং তার সঙ্গে সাঈদ খোকনের কোনো যোগাযোগ হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। উত্তরা থেকে এসে বারিধারার ওই বাসায় গৃহকর্মী খোঁজার বিষয়টিও গাড়িচালকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তার ধারণা, গৃহকর্মী নিয়োগের কথা বলে ওই ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকতে পারেন।
তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে- সাঈদ খোকনের সঙ্গে দেখা করতে আর কারা ওই বাসায় যাতায়াত করতেন? পরিবারের সদস্যদের বাইরে কোনো রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা কিংবা অন্য কেউ তার সঙ্গে যোগাযোগ রাখতেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
স্বজনদের দাবি, তিনি ছিলেন সৌদি আরবে!
সাঈদ খোকনের অবস্থান নিয়ে তার স্বজনদের মধ্যেও বিভ্রান্তিকর তথ্য ছিল বলে জানা গেছে। গ্রেফতারের পর ওই বাড়িতে সাঈদ খোকনের স্বজন পরিচয়ে কয়েকজন গিয়ে জানান, তারা জানতেন তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
এতে প্রশ্ন উঠেছে, পরিবারের সদস্যদের একটি অংশ কি সত্যিই তার অবস্থান সম্পর্কে কিছু জানতেন না, নাকি তার অবস্থান গোপন রাখতেই সৌদি আরবে থাকার কথা প্রচার করা হয়েছিল?
গোয়েন্দাদের পক্ষ থেকেও এখনো নিশ্চিত হওয়া যায়নি, সাঈদ খোকন পুরো সময় দেশেই আত্মগোপনে ছিলেন, নাকি সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে তিনি দেশে ফিরেছেন কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।
