শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিক অসন্তোষসহ সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

এছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

কাফরুলে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনের এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

সূত্র আরও জানায়, এসময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।

এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাক শ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

মিরপুর-১২ নম্বরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। এবার মিরপুর-১২ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করে মূল সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।বেলা সাড়ে ১২টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় থেকে ঘটনার সূত্রপাত। একপর্যায়ে পুলিশ মূল সড়ক থেকে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।

এ বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, মিরপুর-১২ নম্বরে এখন কোনো সমস্যা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছেন।

এর আগে বুধবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *