✍︎ নড়াইল প্রতিনিধি ✍︎
নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অতর্কিত হামলায় কৃষকদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদল নেতা সোহেল মোল্লা (৪৫)।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহিন (৪৫), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫) ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) সহ কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথে প্রথমে সোহেল শেখ মারা যান। তার কিছুসময় পরে শাহিন মারা যান।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
এদিকে এ ঘটনার পর কালিয়াজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
