সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশ।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য এক প্রবাসফেরত ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।

এ সময় মুফতি রুহুল আমিন কয়েকজন সহযোগীকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন।

এ সময় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান তিনি।

এজাহারের আরও অভিযোগ, হামলাকারীরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তাঁর পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন। পাশাপাশি মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *