✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে জেলা ও উপজেলা অনুযায়ী তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
গত সোমবার ইসির ১৪তম কমিশন সভায় ধাপভিত্তিক নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হয়। সভা শেষে জানানো হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি উল্লেখ করে এই কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের মতোই আমরা একটি ডায়লগ করবো এবং এই ডায়লগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
