✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় টেলিভিশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটে। এর জেরে কিছু বহিরাগত ব্যক্তি কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, বৈশাখী টেলিভিশন কার্যালয়ে অজ্ঞাতনামা বহিরাগত ব্যক্তিরা বিশৃঙ্খলা করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ওসি আরও জানান, টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন।
বৈশাখী টেলিভিশনের অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন বলে অভিযোগ করেন ওই কর্মী। এরপর তাঁরা কার্যালয়ে ঢুকে ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে তাঁদের হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। প্রধান ফটকের বাইরেও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
তবে চাকরি ছাড়ার নির্দেশনা নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ান। তিনি জানান, চাকরি ছাড়ার জন্য যখন মানবসম্পদ বিভাগে (এইচআর) যান, তার পাঁচ মিনিটের মধ্যে হামলা হয়। তিনি হামলার বিষয়ে কিছু জানেন না। তাঁর সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর যোগাযোগ নেই।
এ বিষয়ে বৈশাখী টিভির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘নাহিয়ান আমার সামনেই বসা ছিল। আমরা কথা বলছিলাম, এ সময় কিছু লোক অফিসে ঢুকে হট্টগোল ও স্লোগান দিতে থাকে। এর মধ্যে পুলিশ কল করা হয়, পরে পুলিশ এসে সব পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর ডিএমডিকে নিয়ে চলে যায়।’
