মারা গেছেন অভিনেতা সোহেল খান

✍︎ বিনোদন প্রতিবেদক ✍︎

মারা গেছেন অভিনেতা সোহেল খান। বগুড়ায় মোহাম্মদ ইকবালের নসীব সিনেমার শুটিং করছিলেন সোহেল খান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। সিনেমার নাম “নসীব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই কাজ করেছেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করেছিলেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন সোহেল খান।

২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এতে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন সোহেল। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন তিনি।

ধামরাইয়ের রাজাপুর গ্রামেই ছিল সোহেল খানের শিকড়। প্রয়াত আতাউর রহমান খানের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে সোহেল ছিলেন সবার বড়। তাঁর ছোট ভাই ইবনে হাসান খান চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর। কর্মব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেন। ভাতিজা মোহাম্মদ নাহিদ হোসেন খানের ভাষ্য, তিনি ছিলেন সহজ-সরল ও বিনয়ী; মানুষের মধ্যে শ্রেণিভেদ করতেন না। চাচাতো ভাই আবদুল আলীম খান সেলিমের কাছেও ছিলেন পরিবারের সবার ঘনিষ্ঠ একজন।

গ্রামের উন্নয়নেও রেখেছেন অবদান। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান জানান, রাজাপুরে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠায় সোহেল খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রামের উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করতেন তিনি।

সন্ধ্যায় রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেল খানকে দাফন করা হয়। যে গ্রাম ছেড়ে একদিন অভিনয়ের জগতে পা রেখেছিলেন, জীবনের পথ চলা শেষে ফিরলেন সেখানেই। পর্দার ‘বিশু’ আর নতুন করে দর্শককে হাসাবেন না। তবে তাঁর অভিনীত চরিত্রগুলো বেঁচে থাকবে আর রাজাপুরের মাটিতে শায়িত মানুষটি আপনজনদের স্মৃতিতে হয়ে থাকবেন চিরচেনা এক মুখ।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *