✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
গোপালগঞ্জে বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে। এর ফলে টাকা উত্তোলন, পাঠানো ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না গ্রাহকেরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ। খোলা থাকা কয়েকটি দোকানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না।
জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও একই চিত্র দেখা গেছে। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা। গোপালগঞ্জের পাঁচ উপজেলা থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ পরিস্থিতির সমালোচনা করছেন।
গোপালগঞ্জ কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লাল হোসেন বলেন, ‘সকাল থেকে টাকা পাঠানোর জন্য ঘুরছি। বিকাশ-নগদের দোকানে গেলে সার্ভার বন্ধ বা টাকা নেই বলে জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসে দেখি, সেটাও বন্ধ। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েছি।’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত থেকেই বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারছি না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো তথ্য বা কারণ জানতে পারিনি। বৃহস্পতিবার দুপুরে বিকাশ নম্বরে একটি বার্তা আসে যে, অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দূরদূরান্ত থেকে পড়তে আসি। তাই পরিবারের লোকজন মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এখন টাকা ওঠাতে না পারলে প্রয়োজনীয় কোনো সামগ্রী কিনতে পারব না। দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানাই।’
গোপালগঞ্জ সদরের ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব জানান, তাঁদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় টাকা ক্যাশআউট করতে পারছেন না তাঁরা।
হাবিব বলেন, ‘কিছু নম্বরে এখনো লেনদেন সচল থাকায় সেগুলো ব্যবহার করে আপাতত কাজ চালাচ্ছি। কিন্তু কত সময় সেগুলো চালু থাকবে, তা নিয়েও সন্দেহ আছে।’
গোপালগঞ্জের নিচুপাড়ার বাসিন্দা লতিফা বেগমের ছেলে ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছেলের পড়াশোনার খরচ পাঠানোর জন্য নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট বন্ধ। টাকা পাঠাতে না পেরে বিকল্প উপায় খুঁজতে গোপালগঞ্জের বড়বাজার এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে আসেন। সেখানেও অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেননি।
লতিফা বেগম বলেন, ‘ঢাকায় থাকা ছেলের জরুরি খরচ পাঠানো দরকার ছিল। কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা পাঠাতে পারিনি। পরে ছেলের এক সহপাঠী তাঁর বিকাশ অ্যাকাউন্টে সাড়ে তিন হাজার টাকা পাঠালে সেই টাকা দিয়ে আপাতত ছেলের প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়।’
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ। বুধবার বিকেলে হঠাৎ তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কারণ জানতে বিকাশের হেল্পলাইন নম্বরে ফোন করেন তিনি। সেখান থেকে তাঁকে জানানো হয়, তদন্তের স্বার্থে তাঁর নম্বরটি বন্ধ রাখা হয়েছে।
কাজী আকাশ বলেন, ‘আমি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করিনি, কাউকে সন্দেহজনকভাবে টাকাও পাঠাইনি। তাহলে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো? হেল্পলাইন থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।’
এ বিষয়ে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারী হিসাব মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। তারই আলোকে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এমএফএস প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।
