✍︎ লন্ডন প্রতিনিধি ✍︎
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা–কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
২৪ থেকে ২৬ নভেম্বর তাঁদের গ্রেফতার করা হয়। অধিকতর তদন্ত চলাকালে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপির নেতা–কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপি নেতা–কর্মীদের ব্যাপক মারধর করেন আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা।
ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলা চলছে এবং তাতে প্রায় ৫০ জন পুরুষ জড়িত বলে খবর পায় পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের আঘাত গুরুতর ছিল না।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত কার্যক্রম চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বয়স যথাক্রমে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর।
যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারার আওতায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেফতার করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, ‘এই সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে চলে যান। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
গ্রেফতার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হলেও লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
এদিকে সংঘর্ষের ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেফতার হওয়ার খবর সম্পূর্ণ অস্বীকার করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, তাঁদের দলের কেউ গ্রেফতার হননি।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে, এমন সিসিটিভি ক্যামেরা বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারও কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করে CAD 7004/16NOV রেফারেন্স নম্বরটি উল্লেখ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
