✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম এম এ তাহেরের ছেলে আওয়ামী খুনী আফতাব উদ্দিন বিপ্লবের একটি অডিও রেকর্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পাঁচ-ছয়টা গেরিলা হোলাহাইন (পোলাপাইন) রাইখবি, যেগুন (যারা) বিশ্বস্ত। হেগুনরে (তাদের) এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইব শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইব। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’ সম্প্রতি মোবাইল ফোনে এমন একটি নির্দেশনামূলক কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওটিতে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনকে (আদলা মামু) নির্দেশনা দিচ্ছেন লক্ষ্মীপুরের প্রয়াত মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম আফতাব উদ্দিন বিপ্লব।
স্থানীয় বাসিন্দারা কণ্ঠস্বর শুনে দাবি করেছেন, মোবাইল ফোনে নির্দেশনা দেওয়া ব্যক্তি আফতাব উদ্দিন বিপ্লব। ২০০৩ সালে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। এ ছাড়া জেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এ এইচ এম বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে বের হয়ে আসেন। শিবির নেতা মহসিন ও কামাল হত্যা মামলার সাজাও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করেন রাষ্ট্রপতি।
ছড়িয়ে পড়া অডিওটিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির বেলায়েত হোসেনের ছেলে যুবলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনকে এ নির্দেশনা দেওয়া হয়। অডিওতে বিএনপি ও জামায়াত নেতাদের হত্যার পরিকল্পনার পাশাপাশি তাঁদের বাড়িঘরে আগুন দেওয়া ও হামলার পর অন্য দলের ওপর দায় চাপানোর নির্দেশনা দেওয়া হয়।
মামুনের উদ্দেশে বলতে শোনা যায়, যখনই দেখা যাবে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হচ্ছে, তখনই বিএনপি-জামায়াতের গোটা দশেক ব্যক্তিকে ধরে মারতে হবে। এর মধ্যে যেসব নাম বলা হয়েছে, তাঁর দু-চারজনকে হত্যা করতে হবে। কারণ, পরে আর এসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। ভাইয়ের (নির্দেশদাতা) জন্য মাথা ঠান্ডা রেখে দূর থেকে বসে বসে এটি যেন করা হয়।
জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করে অডিওতে আরও বলতে শোনা যায়, তাঁর জন্য মিছিল করা যায় কি না, দেখতে হবে। মিছিল বলতে, ব্যানারে তাঁর নাম থাকবে, শেখ হাসিনার নামও থাকবে। শিরোনাম থাকবে—শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু ও তাঁর বাবা আবু তাহেরের ছবি থাকবে।
ছড়িয়ে পড়া অডিওর শেষ দিকে বলা হয়, দ্বিতীয় ও স্থায়ী কাজ হলো পাঁচ-ছয়জন গেরিলা ছেলে প্রস্তুত করা, তাদের ‘স্টাবলিশ’ করে দেওয়া হবে। মানুষের জন্য প্রেম থাকতে হবে, দলের শৃঙ্খলাও মানতে হবে।
তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সালাহ উদ্দিন টিপু বর্তমানে পলাতক।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
২০০০ সালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে আদালত বিপ্লবকে মৃত্যুদণ্ড দেন। ২০১১ সালে আত্মসমর্পণের পর তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরের বছর কামাল ও মহসিন হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়।
এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তার নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে দেশজুড়ে আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালে তিনি কারামুক্ত হন।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
