■ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
এদিকে ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।
ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এ বি এম ওবায়দুল ইসলাম ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং এরই ধারাবাহিকতায় বিভাগটির অধ্যাপক পদে উন্নীত হন। দেশের একাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৩৬টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একটি বইয়ের অনুচ্ছেদ রচনা করেছেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।
