■ নাগরিক প্রতিবেদন ■
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান মিলটন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন।
এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন।
‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত এই প্রশাসকগণ সবাই বিএনপির নেতা। এর মধ্যে বিএনপির নেতা মো. আব্দুস সালাম একসময় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। এক সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম। আবদুস সালাম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে রয়েছেন।
অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত এ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে হারেন তিনি। শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন।
বর্ষীয়ান রাজনীতিক নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। তবে এবার জিততে পারেননি। জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে হারেন তিনি।
শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। জেলা বিএনপির সভাপতি।
