■ নাগরিক প্রতিবেদক ■
দেশের বেসরকারি খাতের সমস্যাগ্রস্ত চারটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।
ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী। একইসঙ্গে প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির। আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান।
বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকে এবং আইএফআইসি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই চার ব্যাংকে পর্যবেক্ষকগনকে নিয়োগ দিয়ে পৃথক চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, নিয়োগ পাওয়া এ কর্মকর্তারা সমস্যাগস্ত চার ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আর পর্যেবেক্ষক নিয়োগের বিষয়ে জানতে চাইলে একাধিক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ন্যাশনাল ব্যাংক পরিচালনা করত জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপ, প্রিমিয়ার ব্যাংক পরিচালনা করত এইচ বি এম ইকবালের প্রিমিয়ার গ্রুপ। আইএফআইসি ব্যাংক পরিচালনায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পরিচালনা করতেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ।
