ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

𓂃✍︎ নাগরিক প্রতিবেদন 𓂃✍︎

দেশের আকাশে সোমবার (৬ এপ্রিল) রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে। নিজেদের ফেসবুকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম (বিডব্লিউওটি)।

পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা ও কিছুকিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্যপাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়।

বিডব্লিউওটি জানায়, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭-১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এ ছাড়া সারা দেশেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানায় বিডব্লিউওটি।

টানা ৩ দিন বৃষ্টির আভাস

সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশের ৮ বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে। তবে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর শুক্রবার (১০ এপ্রিল) থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০-৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

এদিক থেকে গত ২ দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। এতে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *