ঈদুল ফিতর শনিবার

■ নাগরিক প্রতিবেদন ■ 

দেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। আজ ২৯ রমজান শেষে চাঁদ দেখা না যাওয়ায় নিয়ম অনুযায়ী রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর শনিবার শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন।

ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়ে মুখর এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল হক মৃদুল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ারেছ আনসারী, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মো. ফারুক আহম্মদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ফারুক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *