■ নাগরিক প্রতিবেদক ■
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬৮৫ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সারাদেশে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬৮৫ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক চারজন হামের রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৭ জন সন্দেহজনক হামের রোগীর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
