হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

𓂃✍︎ নাগরিক প্রতিবেদন 𓂃✍︎

বাংলা‌দেশ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা হামলার আসামিদের প্রত্যর্পনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

বুধবার (৮ এ‌প্রিল) দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় আলোচনায় এ‌সে‌ছে।

বৈঠ‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দে‌শের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেছেন। 

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছেন তারা।

বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও সমান সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ সম্মত হয়েছে যে, গ্রেফতার ব্যক্তিদের দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এ সময় বাংলাদেশ পক্ষ থেকে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়, যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. খলিল বলেছেন, ‘বাংলাদেশ প্রথম’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমপ্রতি নির্বাচিত নতুন সরকার এবং তার ভিত্তি হবে পারস্পরিক আস্থা, সম্মান ও একে অপরের মঙ্গল। প্রধান প্রধান দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে মতবিনিময় সভা করার বিষয়ে উভয়পক্ষের ‘একমত’ হওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলের আলোচনার বিষয় তুলে ধরা হয়েছে। তবে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার বিষয়ে সেখানে কিছু বলা হয়নি। সেখানে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘গঠনমূলকভাবে আলোচনায় যুক্ত হতে’ এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনরায় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ভারত বলছে, সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ব্যবস্থাপনার অধীনে অংশীদারিত্ব জোরদারের প্রস্তাবগুলো খতিয়ে দেখার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুইদিনের ভারত সফরে যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাতেই দোভালের দেয়া নৈশভোজে যোগ দেন খলিলুর রহমান। দোভালের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দোভাল ও রহমানের মধ্যে আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিকও উঠে এসেছে, যার মূল লক্ষ্য ছিল সম্পর্কে একটি নতুন গতি সঞ্চার করা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এই বৈঠকের বিষয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক পোস্টে বলেছে, এই সফর দুই দেশের অংশীদারি শক্তিশালী করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে মরিশাসের উদ্দেশ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগর সম্পর্কিত সম্মেলনে যোগ দিতে দিল্লি ছাড়বেন। ১১ ও ১২ই এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, নয়াদিল্লিতে পৌঁছানোর পর মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন খ‌লিলুর রহমান।

এ ছাড়া, ভার‌তের জ্বালা‌নির মন্ত্রীর স‌ঙ্গে হওয়া বৈঠ‌কে পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ করেন। 

জবাবে হরদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *