একনেক সভায় ৪৮৩.৪৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

𓂃✍︎ নাগরিক প্রতিবেদন 𓂃✍︎

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্প পাঁচটির মধ্যে সংশোধিত প্রকল্প তিনটি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প দুটি। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্পের ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা।

সোমবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় ১৯টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে পাঁচটি অনুমোদন আর দুটি বাতিল করা হয়। বাকি প্রকল্পের বিষয়ে আগামী সভায় আলোচনা হবে।

অনুমোদিত পাঁচটি প্রকল্প

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ‘চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)’ প্রকল্পের মোট ব্যয় কমিয়ে ৩০ দশমিক ৭১৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের ব্যয় ২২৮ দশমিক ৪৪৫৪ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৩৩ দশমিক ৫৪৯২ কোটি টাকা করা হয়েছে এবং প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,২১৩ দশমিক ৭০৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ২৬ দশমিক ৪৯ কোটি টাকা বাড়িয়ে মোট ১৩৯ দশমিক ৩০৯৩ কোটি টাকা করা হয়েছে এবং ২০২৬ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের প্রথম একনেক সভায় ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *