বাচ্চু-ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

■ নাগরিক প্রতিবেদক ■

কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ একুশে পদক পাচ্ছেন।’

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়। ২০১২ সাল পর্যন্ত ৩৬১ জন গুণী ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন।

বঙ্গভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামকে প্রথমবারের মতো একুশে পদক প্রদান করা হয়। পরে কবি জসীম উদ্দীন ও বেগম সুফিয়া কামাল একুশে পদকে ভূষিত হন।

প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে। একুশে পদকে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক প্রদান করা হয়; যার নকশা করেছেন নিতুন কুণ্ডু। প্রাথমিকভাবে পুরস্কারের অর্থমূল্য ২৫,০০০ টাকা দেয়া হতো; পরবর্তীতে এটি ২ লক্ষ টাকায় উন্নীত হয়েছিল নভেম্বর ২০১৯ সাল থেকে পুরস্কারের অর্থমূল্য দাঁড়িয়েছে নগদ চার লাখ টাকা। পদকের একটি রেপ্লিকাও দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি যদি দূরে বা বিদেশে থাকেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাকে প্রথম শ্রেণির যাতায়াত ভাড়া ও তিন দিনের ভাতাও দেয়া হয়।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *