■ নাগরিক নিউজ ডেস্ক ■
মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। তিনি ২০০৫-১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এর আগে, আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম এ ঘটনাকে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে।
রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
জেরুজালেম পোস্টের তথ্যমতে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
কট্টরপন্থী বক্তব্যের জন্য পরিচিত এই নেতা পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক নজরদারিতে ছিলেন।
২০০৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত এবং এর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভও তার প্রেসিডেন্সি আমলের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল।
