কারাবন্দি ছাত্রলীগ নেতা শফিকুল মারা গেছেন

পটুয়াখালী প্রতিনিধি ■ 

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কারাগারে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। নিয়মিত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতো। শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত বছরের ১১ আগস্ট শফিকুল ইসলাম খানকে পটুয়াখালী জেলা কারাগার-এ পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *