■ নাগরিক প্রতিবেদন ■
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে ইতিহাসে প্রথমবার ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্ট, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করা ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।’
পৃথক বিজ্ঞপ্তিতে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগের বিষয়ে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার (৯ আগস্ট বিকেলে) পদত্যাগ করেন। এরপর ওই বছরের ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ দেওয়া হয়।
নতুন গভর্নর মোস্তাকুর রহমানের বিস্তারিত
মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং হেরা সোয়েটার্স নামে একটি পোশাক কারখানার মালিক। বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তী সময়ে ফেলো সদস্য হন।
তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন্স অব বাংলাদেশ (রিহ্যাব), এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের (ডিসিসিআই) সদস্য এবং সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক, চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও আরো কিছু প্রতিষ্ঠানের রেগুলেটর কমিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
মো. মোস্তাকুর রহমান একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং জ্যেষ্ঠ আর্থিক প্রশাসন বিশেষজ্ঞ। করপোরেট ফিন্যান্স, এক্সপোর্ট ইকনমিক্স, ইনস্টিটিউশনাল গভার্নেন্স, ফিন্যান্সিয়াল সিস্টেমস ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞ। এসব ক্ষেত্রে ৩০ বছরের বেশি সময় কাজ করার ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে।
ম্যানুফেকচারিং, রিয়েল এস্টেট, এগ্রো-বেজড এন্টারপ্রাইজেস, ইন্ডাস্ট্রিয়াল ভেনচার্স ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ফিন্যান্সিয়াল প্ল্যানিং, ইনভেস্টমেন্ট ওভারসাইট, গভার্নেন্স ফ্রেমওয়ার্কস ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্প বিনিয়োগ, আর্থিক স্বয়ংসম্পূর্ণতা বিষয়ক গঠনমূলক সংলাপে তিনি সুনির্দিষ্ট অবদান রেখেছেন।
ফিন্যান্সিয়াল সিস্টেমস গভার্নেন্স, ব্যাংকিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, এক্সপোর্ট ফিন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ইনস্টিটিউশনাল রিস্ক ওভারসাইট, কর্পোরেট এন্ড রেগুলেটরি কমপ্ল্যায়েন্স, ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড লিকুইডিটি ম্যানেজমেন্ট, বোর্ড গভার্নেন্স এন্ড ফিডুসিয়ারি রেসপন্সিবিলিটি, স্ট্র্যাটেজিক ইকনমিক প্ল্যানিং, ফিন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড একাউন্ট্যাবিলিটি, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এন্ড পলিসি ডায়লগ, সাসটেইন্যাবিলিটি এন্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন বিষয়ে তার ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।
তিনি বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
নতুন গভর্নর আর্থিক ব্যবস্থার শাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন, রপ্তানি অর্থনীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, কর্পোরেট ও নিয়ন্ত্রক সম্মতি এবং ঝুঁকি তদারকিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রতি তার অঙ্গীকার ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রমে গতি আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মোস্তাকুর রহমান বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমেও যুক্ত। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের উপশমকারী চিকিৎসা সহায়তা এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় তিনি অবদান রেখে আসছেন।
অর্থনীতির চলমান চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিজার্ভ শক্তিশালীকরণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মোকাবিলায় তার শিল্প ও আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্বে নীতি-সংলাপ, শিল্প অর্থায়ন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কারে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরদের আদ্যোপান্ত
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসেবে নিয়োগ পান আ ন ম হামিদুল্লাহ। তিনি ১৯৭২ সালের ১৮ জানুয়ারি থেকে ১৯৭৪ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছিলেন। ছিলেন একজন ক্যারিয়ার–ব্যাংকার।
দ্বিতীয় গভর্নর ছিলেন এ কে এম নাজিরউদ্দীন আহমেদ। তিনি ১৯ নভেম্বর ১৯৭৪ থেকে ১৩ জুলাই।১৯৭৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। নাজিরউদ্দীন আহমেদ ছিলেন একজন অর্থনীতিবিদ।
ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মো. নূরুল ইসলাম। ১৯৭৬ থেকে ১৯৮৭ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনিও ছিলেন একজন অর্থনীতিবিদ।
এরপর এক এক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে শেগুফতা বখত চৌধুরী, খোরশেদ আলম, লুৎফর রহমান সরকার, মোহাম্মদ ফরাসউদ্দিন, ফখরুদ্দীন আহমেদ, সালেহউদ্দিন আহমেদ। এদের মধ্যে লুৎফর রহমান সরকার ছিলেন ব্যাংকার। বাকিরা সবাই ছিলেন অর্থনীতিবিদ।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আতিউর রহমান। তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ। এর পরের দুই গভর্নর ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার ছিলেন সরকারি কর্মকর্তা। ফজলে কবিরের লেখাপড়া ছিল অর্থনীতি বিষয়ে, রউফ তালুকাদের ব্যবসায় প্রশাসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নুরুন নাহার। তিনি বিএসসি পাশ করে এমবিএ পড়েছিলেন। ছিলেন একজন ক্যারিয়ার ব্যাংকার।
