বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

𓂃✍︎ নাগরিক নিউজ ডেস্ক 𓂃✍︎ 

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। যার মধ্যে বাংলাদেশিও আছেন। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

তারা বলেছে, ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর তাদের নৌসেনারা সেটির কাছে ছুটে যায়। ওই জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই জাহাজ ও নাবিকরা কেন সাহায্য চেয়েছিলেন সেটি এখনো জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সাহায্য চাওয়া জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। যারমধ্যে বাংলাদেশি, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদভাবে উদ্ধার করে করাচিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সতর্কবার্তা পাওয়ার পরপরই পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) সক্রিয় করে এবং উদ্ধার কার্যক্রমের প্রটোকল শুরু করে।

সে সময় ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস হুনাইন’-কে অবিলম্বে এমভি গোল্ড অটামকে সহায়তার নির্দেশ দেওয়া হয়। নৌবাহিনীর বিশেষ দল জাহাজটিতে গিয়ে আগুন নেভানো, জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে ১৮ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার করা নাবিকদের নিরাপদে করাচিতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং পরে তাঁদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *