■ নাগরিক প্রতিবেদক ■
৪৯ বছর আগে মানুষকে নিয়ে কোদাল হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাবার সেই খাল খনন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। একইসঙ্গে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হয়। এসব জেলায় কর্মসূচির উদ্বোধন করেন সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতারা। এর মধ্যদিয়ে ফ্যামিলি কার্ডের পর নির্বাচনী প্রতিশ্রুতি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী।
খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে দিনাজপুরের সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। খাল খননের মাধ্যমে দেশের পানির সমস্যার সমাধান করবো। বিএনপি’র রাজনীতির উদ্দেশ্য মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এ সময় তিনি আরও বলেন, এই দেশের মানুষই সুন্দর আগামী গড়ে তুলবে, প্রয়োজন শুধু পরিকল্পনা, যারা মিষ্টি মিষ্টি কথা বলে দেশে বিশৃঙ্খলা করতে চায়, তাদের থেকে সজাগ থাকার অনুরোধ করেন তিনি।
বিকালে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে নানা ইস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর দিনাজপুর সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ভিক্ষুকদের মাঝে ২০টি ছাগল বিতরণ করেন তিনি। পরে সার্কিট হাউজ মাঠে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। ইফতার মাহফিল শেষে বিমানযোগে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহাপাড়া খালটি খনন করেছিলেন। কর্মসূচিটির উদ্বোধনের জন্য সেই নানাবাড়ি দিনাজপুরের সেই খালটি বেছে নেন তারেক রহমান। সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর যান প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়ক পথে কাহারোলের সাহাপাড়া খালে যান তিনি। এসময় ১২ কিলোমিটার সরু পথের দু’ধারে শিশু-কিশোর ও গ্রাম্য গৃহবধূরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। গাড়ি থেকে নেমেই কোদাল হাতে সাহাপাড়া খালে নেমে পড়েন প্রধানমন্ত্রী। নিজ হাতে মাটি কেটে টুকরিতে রাখেন তিনি। এসময় খালে জড়ো হওয়া শত শত নারী-পুরুষকে খাল খননের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধানের সঙ্গে খাল খননে যোগ দেন উপস্থিত স্থানীয় নারী-পুরুষরা। এরপর খালের পাড়ে কয়েকটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, মা-বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কীভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মরা কীভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি।’
তিনি বলেন, আমাদের রাজনীতি হচ্ছে কী করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, সেটি কৃষিতেই হোক, সেটি শিল্পেই হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সঙ্গে? জনগণকে সঙ্গে লাগবে।’ প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সঙ্গে ছিলেন, যেমন সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস।
অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সতর্ক-সজাগ থাকতে হবে। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। দেশের মালিক জনগণ সঙ্গে থাকলে যেকোনো কাজ যেকোনো পরিকল্পনা সফল করতে পারবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকে এই খাল কাটা কর্মসূচি, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। ইনশাআল্লাহ এই খাল খনন কর্মসূচি কতোটুকু সফল হলো আমি খবর রাখবো। আমি এই খাল খনন যখন শুনবো যে এই ১২ কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি দেখতে আসবো। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই খালের পাড়ে ইনশাআল্লাহ।
১২ কিলোমিটার এই খাল খননে মানুষের কি কি উপকার হবে, তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবেন। প্রায় ১২০০ হেক্টর জমি সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে ৩ লাখ মানুষ এই খালের পানির সুবিধা পাবেন, এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এই এলাকার কৃষক ভাইয়েরা, এই এলাকার কৃষাণী বোনেরা তারা যে ফসল উৎপাদন করবে, এখন যে ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০ হাজার টন বেশি হবে।
বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের বেশির ভাগ গ্রাম অঞ্চলে বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষি যদি বাঁচে, কৃষক যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেই জন্যই আমরা বলেছিলাম নির্বাচনে আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি জয়যুক্ত হলে পরে সবচেয়ে প্রথম ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সুদসহ আমরা মওকুফ করে দিবো। আমরা মওকুফের ব্যবস্থা করেছি।
খাল খনন কেন জরুরি তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের যে খালগুলো আগে ছিল, প্রায় সকল খাল ভরাট হয়ে গেছে। আমি আসার পথে, বিভিন্ন জায়গায় দেখলাম নদী পর্যন্ত ভরাট হয়ে গেছে। এই এলাকাতে খবর নিয়ে জানলাম, বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি সমস্যা হয়। সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটা কাজে ব্যবহার করতে চাই। এমনভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সেজন্যই আমরা সমগ্র বাংলাদেশে আজকে আনুষ্ঠানিকভাবে এখানে খাল খনন শুরু করলাম।
আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খাল খননের মাধ্যমে একদিকে বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে, তখন দেখি যে আমরা নদী-খাল-বিলের আশেপাশে যে বাড়িঘর আছে মানুষজনের সেগুলো ভেসে যায়, গরু-ছাগল ভেসে যায়, মানুষের কাপড়-জামা নষ্ট হয়ে যায়। ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। এরকম সমস্যা যাতে না হয়, আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময়ের অতিরিক্ত পানি ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে, আপনারা প্রত্যেকেই এটার উপরে অভিজ্ঞ, দেখেছেন, সাত দিন-দশ দিন থাকে, তারপরে সেই পানির আর খবর নাই। এই পানি যদি ধরে রাখতে পারি, তাহলে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, কৃষক ভাইদের যাতে পানি সরবরাহ করতে পারি। যাতে উৎপাদন বাড়াতে পারি।
কৃষির উৎপাদন কেন বাড়ানো দরকার তার ব্যাখ্যায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০ কোটি মানুষের বিরাট দেশ একটা। এই মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা, এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার দেশেই উৎপাদন করতে হবে। যেগুলো মৌলিক খাবার-দাবার ধান-চাল যেগুলো দেশে উৎপাদন করতে হবে। আল্লাহ এই দেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যে আপনি যদি বীজটা রোপণ করেন, একটু পানি দেন, মোটামুটিভাবেই সেখানে ফসল ফলবে। কাজেই আল্লাহর নেয়ামত এই পানি মানুষের উপকারে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
তিনি বলেন, এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করবো, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলো মূল্যবান গাছ আছে সেগুলো লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি পায়।
প্রত্যাশিত দেশ গড়তে সরকার ‘সর্বাত্মক’ রাত-দিন কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সার্কিট হাউজ মাঠে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছর দেশে উন্নয়ন হয়নি। দেশের উন্নয়নের জন্য তার পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নানি বাড়ির স্মৃতির কথা উল্লেখ করে এই এলাকার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিগগিরই দেশের শিল্প কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে সারা দেশে শিল্প কারখানা স্থাপন করে কীভাবে দেশের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। এ সময় দিনাজপুরে শিল্প কারখানা স্থাপন করে বেকাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ এক মাসও হয়নি। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে।
কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান ও খাল খননের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে কৃষক কার্ড দেয়া হবে।
সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে দিনাজপুরসহ সারা দেশের পানির সমস্যার সমাধান হবে। কৃষিজমি আবাদে পানি সংকট থাকবে না। ভূগর্ভস্থ পানির স্তরে উপরে উঠলে আর্সেনিক সমস্যার সমাধান হবে।
