■ নাগরিক প্রতিবেদন ■
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘ডিএমপির কমিশনার মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগামী নভেম্বর পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ ছিল।
সাজ্জাত আলী বলেন, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
সাজ্জাত আলী তাঁর পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন।
২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর। এর আগেই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিলেন। ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল মঙ্গলবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়। তিনি আজ সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুনাম অর্জন করেন।
শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালে ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন আরম্ভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০১৬ সালে ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ গ্রহণ করেন।
সৎ, দক্ষ, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে সুনাম অর্জনকারী শেখ মো. সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম শেখ ওয়েজেদ আলী এবং মাতার নাম মিসেস নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
