দোকানপাট, শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নাগরিক প্রতিবেদক

সারাদেশের সব দোকানপাট ও শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ করল সরকার। এখন থেকে দোকান ও শপিং সেন্টার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলার রাখার সিদ্ধান্ত হয়।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

তারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।

ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল- যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেই। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।’

তিনি বলেন, একই সঙ্গে সবাইকে বলব- আমরা নিজ বাসাবাড়িতে, আমরা নিজ কর্মস্থলের জন্য বিদ্যুৎসাশ্রয়ী হই। আমরা যদি জ্বালানি সাশ্রয় করি; তাহলে ইনশাআল্লাহ, আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *