জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি

নাগরিক প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন— প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না। তবে আনুষ্ঠানিক অভিযোগ এলে অভ্যন্তরীণ তদন্ত করবেন বলে জানিয়েছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার চট্টগ্রাম–৬ আসনের (রাউজান) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাঁকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো যাচাই করে আজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাঁকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি।

বিষয়টি নিয়ে আজ সংবাদ প্রকাশের পর নানা আলোচনা–সমালোচনা হচ্ছে। এ অবস্থায় সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রসিকিউটরদের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) রুদ্ধদ্বার বৈঠক হয়। পরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে বেলা আড়াইটায় আরও একটি বৈঠক বসে। বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। এই বৈঠকেই ফ্যাক্টস ফাউন্ডিং কমিটি গঠন করা হয়।

সেই বৈঠকে উপস্থিত দুজন প্রসিকিউটর নাম না প্রকাশের শর্তে জানান, পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সবাই প্রসিকিউটর। সাইমুম রেজা তালুকদারের এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে রাজসাক্ষী (অ্যাপ্রুভার নামে পরিচিত) করাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগসহ জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে, সবকিছু তদন্ত করবে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *