প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিঠি

■ নাগরিক প্রতিবেদন ■ 

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প এ অভিনন্দন জানান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ঐতিহাসিক এ বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সাফল্য কামনা করা হয়। 

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক সম্মান এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

এ ছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুদেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবে—এমন প্রত্যাশার কথাও চিটিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়।

এর আগে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও  রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান। 

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে বিবৃতিতে জানানো হয়। 

এক অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। 

বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। 

তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *