ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

■ নাগরিক প্রতিবেদক ■

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী পল কাপুর তিন দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় এসেছেন। 

পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে, তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। এ সফরে রাজনৈতিক বোঝাপড়া, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু— বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত পরিস্থিতি— আলোচনার টেবিলে থাকবে।

এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে পলের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের সফর নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে (ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

কূটনীতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তাঁর প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর।

মার্কিন দূতাবাস সূত্র বলেছে, বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা পল কাপুরকে অভ্যর্থনা জানান। আজ তাঁর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে আগামীকাল বুধবার থেকে তাঁর কর্মসূচি শুরু হবে।

পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী, আগামীকাল সকালে তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিন শুরু করবেন। এ দিন তাঁর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

শুল্ক নিয়ে মার্কিন আদালতের রায়ের পর দেশটির বাণিজ্য দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিচারাধীন থাকার পরও অংশীদাররা আলোচনা করে চুক্তিতে সই করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সব বাণিজ্য চুক্তি কার্যকর থাকবে।

সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এরপরে বিএনপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। দুপুরে বাংলাদেশে থাকা বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যাবেন। এ দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর। আগামীকাল বৃহস্পতিবার রাতে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *