ইরানে মেয়েদের স্কুলে হামলা: নিহত ৮৫

নাগরিক নিউজ ডেস্ক

ইরানে মেয়েদের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮৫ শিক্ষার্থী নিহত হন। দেশটির দক্ষিণে হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এই হামলা চালানো হয়।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলি ফরহাদি বলেন, শনিবার স্কুলটিতে ‘তিনটি ক্ষেপণাস্ত্র’ আঘাত হানে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলে হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে মেহর বার্তা সংস্থা জানিয়েছে।

তেহরান থেকে আল-জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল বলেন, মিনাবের হামলাটি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তারা কেবল সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং ইরানের সরকারকে লক্ষ্য করছে, জনগণকে নয়। তবে বেসামরিক হতাহতের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে হাজারও বেসামরিক নাগরিক হতাহত হন এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *