এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎   

ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটার প্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।

বৃহস্পতিবার (২ জুলাই) রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জানান, জুন মাসে সৌদি কন্ট্রাক্ট প্রাইস বা সৌদির সিপি ছিল প্রতি টন ৭৯৯ ডলার, যা চলতি মাসে প্রতি টন ৫৯৩ ডলারে নেমেছে। অর্থাৎ, এ ক্ষেত্রে সৌদি সিপি কমেছে প্রতি টনে ২০৬ ডলার।

জালাল আহমেদ আরও জানান, এই মাসে ডলারের বিনিময় হার একটু বেড়েছে। গত মাসে ছিল ১২২ টাকা ৮১ পয়সা আর চলতি মাসে ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনা করা হয়েছে। অর্থাৎ, ২৭ পয়সা বেড়েছে। জাহাজভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলার হয়েছে। সেই অনুযায়ী, প্রতি কেজি এলপিজির মূল্য যেটি জুন মাসে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা, সেটি জুলাই মাসে এসে হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ, কেজিপ্রতি কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা।

একই সঙ্গে জুলাই মাসে বাসাবাড়িতে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির গ্যাস বিক্রি হবে প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সায়। আর যানবাহনে ব্যবহৃত অটো গ্যাস বিক্রি হবে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা।

ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ টাকা। এছাড়া, ১৫ কেজির ১ হাজার ৯১০, ১৬ কেজির ২ হাজার ৩৭, ১৮ কেজির ২ হাজার ২৯১, ২০ কেজির ২ হাজার ৫৪৬, ২২ কেজির ২ হাজার ৮০১, ২৫ কেজির ৩ হাজার ১৮৩, ৩০ কেজির ৩ হাজার ৮১৯, ৩৩ কেজির ৪ হাজার ২০১, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দামও প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৭৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কমিশন। কমিশন নির্ধারিত দামের বেশি মূল্যে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা থাকবে।

গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়। নতুন সমন্বয়ের ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম আরও ৩৫৭ টাকা কমল।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *