✍︎ টাঙ্গাইল প্রতিনিধি ✍︎
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ট্রাকটি পড়ে উল্টে যায়। ভোর ৪টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে দুর্ঘটনাটির খবর আসে। ঘটনাস্থলে টাঙ্গাইল ও এলেঙ্গা ফায়ার স্টেশনের সদস্য পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া নিহত ১৫ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া এই পর্যন্ত আহত আরও ছয়জনকে উদ্ধার করা হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি খাদে পড়ে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই হয় অনেকের মৃত্যু।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা-পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন উদ্ধার অভিযান। পরে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।
উদ্ধারকাজের কারণে ভোর প্রায় সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে বন্ধ ছিল যান চলাচল। পরে ভূঞাপুর লিংক রোড দিয়ে ঢাকাগামী এবং পুরাতন সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি বলেছেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদারকি করেন উদ্ধার কার্যক্রম। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ঘটেছে এ দুর্ঘটনা।
