ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎

ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, বুধবার সীমান্ত নজরদারি অভিযানে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক।

পরে সন্ধ্যায় একই এলাকায় আরও ৩৩ জনকে আটক করা হয়।তাদের মধ্যে ১৮ জন আফগান, ১৩ জন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি নাগরিক।

আটক ব্যক্তিদের বিষয়ে ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে জানানো হয়েছে।ঘটনাগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছে সীমান্ত পুলিশ।

অভিযানকালে সীমান্ত অতিক্রমের জন্য অভিবাসীদের ব্যবহৃত দুটি নৌকা জব্দ করেছে পুলিশ। পাশাপাশি এই মানব পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অধিবাসীরা ইইউ দেশগুলোতে পৌঁছানোর জন্য যেসব অনিয়মিত পথ ব্যবহার করেন, তার মধ্যে তথাকথিত ‘বলকান রুট’ অন্যতম জনপ্রিয়। বসনিয়া মূলত এই বলকান রুটের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স-এর তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে এই বালকান রুটে ৪ হাজার ৯০০টিরও বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *