ইতালিতে ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য।

শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪৫), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের ৫ বছর বয়সী কন্যাসন্তান আরিফা।

এ ঘটনায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন অয়ন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতে অ্যাপার্টমেন্ট থেকে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই বাবুল, তার স্ত্রী ও কন্যার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অয়নকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন।

ঘটনার পর ইতালির স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিহত মমতাজ বেগম আরজু’র ছোট ভাই নুরুল হুদা রাকিব বলেন, ‘কিছুদিন আগে আমার ভগ্নিপতি বাবুলসহ পুরো পরিবার ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রেখেছে। আমার ভাগ্নে আরাফাত হোসেন অয়নের অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ‘ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *