সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে পাঁচ বছরে পাহাড়ে ৩১৬ নিহত

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর আট সদস্যসহ ৩১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮৫ জন। নিরাপত্তা বাহিনীসহ পাহাড়ি-বাঙালির ওপর এ সময়ে হামলার ঘটনা ঘটেছে ৩৭২টি।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত (সংসদকার্যে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠী ১৯৪টি হামলা করেছে। এই গোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা করেছে ৮১টি। একই সময়ে সেখানে অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে ৪৭১টি ও অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭টি।

মন্ত্রী জানান, পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঘটনা ঘটেছে ৯৭টি। বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ৩০৮ জন ও আহত হয়েছেন ৪৩৫ জন। নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন আটজন ও আহত হয়েছেন ৫৫ জন।

পার্বত্য তিন জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং সব সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমাত্রিক আইনগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সশস্ত্র তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি নেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তপথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির সীমান্তচৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত-সংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের নিরাপত্তায় স্থানীয় নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে। পাহাড়ে চলমান ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *