✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
রাজধানীর মিরপুর ও বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা, মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বর মোড়ে যাত্রীবাহী তিনটি বাসে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি।বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মধ্যবাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটি সামনে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে থাকা দোকানি, পথচারী ও পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এর মধ্যে বাসটির বেশ কিছু সিট পুড়ে যায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, একটি ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানি না। তিনি নিজেও ৩০০ ফিট এলাকায় বিশেষ নিরাপত্তা টহলে রয়েছেন বলেও জানান।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানা ফটক ও চৌরাস্তায় একাধিক হাতবোমা ফাটানো হয়। ওই ঘটনায় একজন রিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার অন্তত আট স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং মিরপুরে একটি বাসে আগুন দেওয়া হয়।
সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। একটি শব্দ শুনেছি কিন্তু কোন পাশে সে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার(এসপি) নিকুলিন চাকমা।
তিনি জানান, দুই নম্বর প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরও জোরদার করছি। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
