✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও, মগবাজার, বাবুবাজার ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় একজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলক্রসিংয়ের পাশে সোহাগ পরিবহনের কাউন্টারের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
শাহজাহানপুর থানার পরিদর্শক শাহ আলম বলেন, উড়ালসড়ক থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হননি।
সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এটিও মহাখালী উড়ালসড়ক থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মঈনউদ্দিন।
তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। এখনো হামলাকারীদের শনাক্ত করা যায়নি।
সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে।
রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে কেউ আহত হননি।
অপরদিকে রাত সোয়া ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এখানেও ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় থাকেন।
জানা গেছে, রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান আহত হন। পরে যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টা ২৫ মিনিটে আহত অবস্থায় ইবাদুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আহত অবস্থায় এক রিকশাচালককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
কাফরুলে বাসে আগুন
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর রাত সোয়া ১০টার দিকে কাফরুলে থানার কাছে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, রোটারী স্কুলের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি থেমে ছিল। সেটিতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা সেখানে পৌঁছে বাসটিতে লাগা আগুন নেভায়।
