কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎

কাতারের আল শাহানিয়া শহরে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় একজন ভারতীয় গাড়িচালকও নিহত হয়েছেন।

নিহত প্রবাসীরা হলেন- কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

জানা গেছে, তাঁরা সবাই একসঙ্গে কাজ করতেন।

সকালে বাসা থেকে বের হয়ে ওই পাঁচ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছি।’

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক।

তিনি বলেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার পাঁচজন প্রবাসীর মৃত্যুতে পুরো কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।

তিনি আরও বলেন, স্থানীয় প্রবাসী সংগঠন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে স্বজনরা শেষবারের মতো তাদের দেখতে পারেন এবং যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা যায়।

নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা এই রেমিট্যান্সযোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দিয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারগুলোর পাশে রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *