■ নাগরিক প্রতিবেদন ■
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ঈদের আগাম টিকিট এবং ২৩ মার্চ থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
রেলয়ে কতৃপক্ষ জানায়, যাত্রীরা অনলাইন এবং কাউন্টার—উভয় মাধ্যম থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সার্ভারের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকালে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর থেকে।
এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে ৫ জোড়া মিলিয়ে মোট ২০টি বিশেষ ট্রেন (স্পেশাল ট্রেন) চালানো হবে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।
১৯ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সময়সূচির বিপর্যয় রোধের বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী।
পবিত্র ঈদুল ফিতরে অগ্রিম টিকিট বিক্রি এবং বিশেষ ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
এবার পবিত্র রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
রেলওয়ে সূত্র জানায়, বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হবে ৫ মার্চ। ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। এদিকে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে।
এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল হিসেবে দুই জোড়া ট্রেন চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে।
