আ.লীগের ইয়াবা বদি ও সাবেক মেয়র আইভীর জামিন

■ নাগরিক প্রতিবেদন ■

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আইভীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ তাঁকে ৬ মাসের জামিন দেন।

আদেশের বিষয়ে মোতাহার হোসেন সাজু বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলা ও ফতুল্লা থানার দুই মামলায় হাইকোর্ট ছয় মাসের জামিন দিয়েছেন। এর মধ্যে চারটি হত্যা ও একটি পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ।

‎মামলাগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের কাজে বাধা দানের মামলা।

‎আগের ৫টি মামলায় আইভী জামিন পাওয়ার কাছাকাছি সময়ে এই ৫টি মামলা দায়েরে করা হয়। এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতদের পরিবারের সদস্যরা বাদী। ফতুল্লা মডেল থানায় এই ৪টি মামলা দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক এবং ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে বিভিন্ন বয়সী চারজন নিহত হন।

‎অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ অভিযোগে পুলিশ গত ১২ মে এই মামলাটি করেছে। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০২৫ এর ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। সে সময় তাঁকে মোট পাঁচটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

‎ গত ২০২৫ সালের  ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে এই পাঁচটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

‎আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। 

‎আইভীর অন্যতম আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, পরের পাঁচটি মামলায় জামিন হলেও আইভী জেল থেকে বের হতে পারছেন না। কারণ আগে দায়ের করা পাঁচটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। আশা করছি, ঈদুল ফিতরের বন্ধের আগে এই শুনানি অনুষ্ঠিত হবে। 

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *